অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের জাতীয় নিরাপত্তা বিভাগের ডেপুটি কমিশনার হিল্ডা সাইরেক জানান, সন্দেহভাজনের কাছে "সহিংস চরমপন্থী উপাদান" ছিল, যার মধ্যে "আইএসআইএস-অনুপ্রাণিত সামগ্রীও" অন্তর্ভুক্ত রয়েছে। তদন্তকারীদের অভিযোগ, ওই ব্যক্তি সহিংসতার পরিকল্পনা করতে ইসলামিক স্টেটের সাহিত্য ও ডিজিটাল তথ্যাদি ব্যবহার করেছিলেন। আমিনের বিরুদ্ধে গাড়ি-ভিত্তিক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (ভিবিআইইডি) তৈরির প্রক্রিয়া নিয়ে অনুসন্ধানের অভিযোগের ভিত্তিতে জেনেবুঝে "সন্ত্রাসবাদের সাথে সংশ্লিষ্ট" নথি তৈরি এবং সহিংস চরমপন্থী উপাদান নিজের হেফাজতে রাখার অভিযোগ আনা হয়েছে।
ডেপুটি কমিশনার সাইরেক ব্যাখ্যা করে বলেন, তদন্তকারীদের বিশ্বাস সন্দেহভাজন একাই এ কাজ করছিলেন। তিনি আরও উল্লেখ করেন যে, তিনি কোনো বিস্ফোরক ডিভাইস তৈরির সক্ষমতা অর্জন করেছিলেন, কোনো নির্দিষ্ট লক্ষ্য বা স্থান নির্বাচন করেছিলেন, কিংবা কোনো উপাসনালয়, গোষ্ঠী বা ব্যক্তিকে লক্ষ্য করে পরিকল্পনা করেছিলেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। সাইরেক জোর দিয়ে বলেন, জনসাধারণের নিরাপত্তার জন্য বর্তমানে কোনো ধরনের হুমকি নেই বলে নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ। পুলিশের বিবৃতিতে জানানো হয়, অভিযান চলাকালে তদন্তে বাধা দেওয়া এবং আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অপরাধের সন্দেহে যথাক্রমে ৩৪ ও ৩৩ বছর বয়সী আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে; তবে পুলিশ তাঁদের কারও নাম বা পরিচয় প্রকাশ করেনি।